আমরা কমবেশি সবাই জানি AQI (Air Quality Index) ব্যাবহার করা হয় কোনও জায়গার বায়ু কতটা দূষিত তা বোঝাতে। অনেক আবহাওয়া অ্যাপেও এই সংখ্যাটি দেখা যায়। AQI আসলে কী? AQI 200 আর 300-এর মধ্যে পার্থক্য কতটা? AQI 100 হলেই কি বাতাস নিরাপদ?
চাইলে এই সংখ্যাকে কি এমনভাবে দেখানো যায়, যাতে দূষণ বাস্তবের তুলনায় কম বলে মনে হয়?
AQI কী?
AQI-এর পুরো নাম Air Quality Index বা বায়ুর গুণমান সূচক। বাতাসে বিভিন্ন দূষকের পরিমাণ আলাদা আলাদাভাবে মাপা হয়। যেমন, সূক্ষ্ম ধূলিকণা, নাইট্রোজেন ডাই-অক্সাইড, সালফার ডাই-অক্সাইড, ওজোন ইত্যাদি। প্রত্যেকটির একক, পরিমাপের পদ্ধতি এবং শরীরের ওপর প্রভাবও আলাদা।
সাধারণ মানুষের পক্ষে প্রতিদিন এই আট-দশটি সংখ্যার খেয়াল রাখা কঠিন। তাই সেগুলিকে একটিমাত্র সূচকে রূপান্তর করার একটা চেষ্টা AQI।
ধরা যাক, কোনও শহরের বাতাসে PM2.5-এর মাত্রা বেশ বেশি, কিন্তু সালফার ডাই-অক্সাইড ও নাইট্রোজেন ডাই-অক্সাইডের মাত্রা কম। আবার অন্য একটি শহরে PM2.5 কম হলেও ওজোনের মাত্রা বেশি। AQI এই বিভিন্ন দূষকের মাত্রাকে আলাদা আলাদা সূচকে রূপান্তর করে। তারপর নির্দিষ্ট নিয়মে একটি সামগ্রিক সংখ্যা তৈরি করে।
মনে রাখা দরকার AQI 200 মানে বাতাসে দূষণের পরিমাণ 100-এর তুলনায় ঠিক দ্বিগুণ নয়। এটা নির্দিষ্ট দূষক, স্বাস্থ্যগত সীমা এবং গাণিতিক রূপান্তরের ওপর নির্ভর করে – ঠিক সরল অনুপাতে বাড়ে না।
AQI কে তৈরি করেছে? এর কি কোনও আন্তর্জাতিক মান রয়েছে?
AQI এর কোনও সর্বজনীন আন্তর্জাতিক সংজ্ঞা নেই। বিভিন্ন দেশ নিজেদের পরিবেশগত পরিস্থিতি, দূষণের ধরন এবং স্বাস্থ্যসংক্রান্ত মানদণ্ড অনুযায়ী AQI তৈরি করেছে। তাই ভারতের AQI 150 এবং আমেরিকার AQI 150 একই অর্থ বহন করে না।
আমেরিকার Environmental Protection Agency (US EPA) 1976 সাল থেকেই সাধারণ মানুষের জন্য বায়ুদূষণের সূচক প্রকাশ করে আসছে। ভারতে জাতীয় AQI চালু হয় 17 অক্টোবর 2014 সালে। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ বা Central Pollution Control Board (CPCB), IIT কানপুরের বিশেষজ্ঞদের সহায়তায় এই পদ্ধতি তৈরি করে। এর উদ্দেশ্য ছিল দেশের বিভিন্ন শহরের বায়ুদূষণকে একটি অভিন্ন, সহজবোধ্য পদ্ধতিতে সাধারণ মানুষের সামনে তুলে ধরা।
বাতাসের দূষণ কীভাবে মাপা হয়?
AQI হিসাব করার আগে বাতাসে দূষকের ঘনত্ব (density) মাপতে হয়। এর জন্য শহরের বিভিন্ন জায়গায় Air Quality Monitoring Station বসানো হয়। ভারতে এই কাজের দায়িত্ব মূলত CPCB এবং রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদগুলির। কিছু বেসরকারি সংস্থাও নিজস্ব যন্ত্র বসিয়ে বাতাসের মান মাপে।
ভারতের জাতীয় AQI-তে মোট আটটি দূষক বিবেচনা করা হয়।
| দূষক | কী বোঝায়? | প্রধান উৎস |
|---|---|---|
| PM2.5 | 2.5 মাইক্রোমিটারের চেয়ে ছোট কণা | যানবাহন, জ্বালানি পোড়ানো, শিল্প |
| PM10 | 10 মাইক্রোমিটারের চেয়ে ছোট কণা | রাস্তার ধুলো, নির্মাণকাজ, শিল্প |
| NO₂ | নাইট্রোজেন ডাই-অক্সাইড | গাড়ি, বিদ্যুৎকেন্দ্র, শিল্প |
| SO₂ | সালফার ডাই-অক্সাইড | কয়লা ও অন্যান্য সালফারযুক্ত জ্বালানি পোড়ানো |
| CO | কার্বন মনোক্সাইড | অসম্পূর্ণ দহনে তৈরি হয় |
| O₃ | ওজোন | সূর্যালোকে NOx ও VOC-এর রাসায়নিক বিক্রিয়ায় তৈরি হয় |
| NH₃ | অ্যামোনিয়া | কৃষিকাজ, সার, পশুপালন, শিল্প |
| Pb | সিসা | কিছু শিল্পপ্রক্রিয়া ও ধাতু গলানোর কাজ |
এখানে PM2.5 এবং PM10 বিশেষভাবে গুরুত্বপূর্ণ। PM-এর পুরো নাম Particulate Matter। অর্থাৎ বাতাসে ভেসে থাকা অতি ক্ষুদ্র কঠিন কণা বা তরল কণিকা। PM10 নাক ও শ্বাসনালির গভীরে প্রবেশ করতে পারে। PM2.5 আরও ছোট হওয়ায় ফুসফুসের গভীর অংশে পৌঁছতে পারে এবং সেখান থেকে সহজে রক্তে মিশে যেতে পারে ।
AQI কীভাবে হিসাব করা হয়?
এবার ধরা যাক, কোনও একটি পর্যবেক্ষণ কেন্দ্রে, দূষণ মাপার যন্ত্রে PM2.5-এর ঘনত্ব 45 মাইক্রোগ্রাম প্রতি ঘনমিটার। এই সংখ্যাটিকে সরাসরি AQI বলা যাবে না। প্রথমে দেখতে হবে, 45 কোন দূষণমাত্রার সীমার মধ্যে পড়ছে। তারপর সেই সীমার সঙ্গে যুক্ত AQI-এর মান ব্যবহার করে একটি গাণিতিক হিসাব করতে হবে।
ভারতের পদ্ধতিতে এই প্রক্রিয়াকে বলা হয় Sub-index Calculation।
ভারতের PM2.5-এর ক্ষেত্রে কয়েকটি সীমা হল:
| PM2.5-এর ঘনত্ব (µg/m³) | সংশ্লিষ্ট AQI |
|---|---|
| 0–30 | 0–50 |
| 31–60 | 51–100 |
| 61–90 | 101–200 |
| 91–120 | 201–300 |
| 121–250 | 301–400 |
| 250-এর বেশি | 401–500 |
এই সীমাগুলির মধ্যে পড়লে সরলরৈখিক interpolation বা অন্তর্বর্তী মান নির্ণয়ের পদ্ধতি ব্যবহার করা হয়। অর্থাৎ, দুটি নির্ধারিত সীমার মাঝখানে দূষণের পরিমাণ যতটা বাড়ছে, সেই অনুপাতে AQI-ও বাড়বে।
উদাহরণ হিসেবে, PM2.5-এর ঘনত্ব 45 হলে তার সাব-ইনডেক্স হবে 75। আবার ঘনত্ব 150 হলে সাব-ইনডেক্স হবে প্রায় 323।
এরপর বাকি সাতটি দূষকের সাব-ইনডেক্সও একইভাবে হিসাব করা হয়। সবগুলির মধ্যে সর্বোচ্চ মানটিই হয় চূড়ান্ত AQI।
ধরা যাক:
- PM2.5 সাব-ইনডেক্স = 270
- PM10 সাব-ইনডেক্স = 180
- NO₂ সাব-ইনডেক্স = 70
- SO₂ সাব-ইনডেক্স = 40
তাহলে চূড়ান্ত AQI হবে 270। কারণ PM2.5-এর সাব-ইনডেক্স সবচেয়ে বেশি।
এখানে একটি গুরুত্বপূর্ণ শর্ত রয়েছে। ভারতের পদ্ধতিতে সাধারণত অন্তত তিনটি দূষকের পর্যাপ্ত তথ্য থাকতে হয়। তার মধ্যে PM2.5 অথবা PM10-এর অন্তত একটি থাকা আবশ্যক। একটি সাব-ইনডেক্স হিসাব করার জন্য অন্তত 16 ঘণ্টার তথ্য প্রয়োজন। সাধারণত PM2.5, PM10, NO₂, SO₂ ও NH₃-এর ক্ষেত্রে 24 ঘণ্টার গড় এবং CO ও O₃-এর ক্ষেত্রে আট ঘণ্টার গড় ব্যবহার করা হয়।
অর্থাৎ, একটি নির্দিষ্ট সময়ে প্রকাশিত AQI সব সময় ঠিক সেই মুহূর্তের বাতাসের অবস্থা বোঝায় না। তার মধ্যে আগের কয়েক ঘণ্টার দূষণের তথ্যও থাকে।

AQI-এর বিভিন্ন স্তরের অর্থ কী?
ভারতে AQI-কে ছয়টি ভাগে ভাগ করা হয়েছে। প্রতিটি ভাগের সঙ্গে একটি রং এবং সম্ভাব্য স্বাস্থ্যগত প্রভাব যুক্ত করা হয়েছে।
| AQI | স্বাস্থ্যের ওপর প্রভাব |
|---|---|
| 0–50 — ভালো (Good) | সাধারণত স্বাস্থ্যের ওপর সামান্য বা কোনও প্রভাব নেই। |
| 51–100 — সন্তোষজনক (Satisfactory) | সংবেদনশীল ব্যক্তিদের সামান্য শ্বাসকষ্ট হতে পারে। |
| 101–200 — মাঝারি (Moderate) | হাঁপানি বা ফুসফুসের রোগে আক্রান্ত ব্যক্তি, শিশু ও বয়স্কদের শ্বাসকষ্ট হতে পারে। |
| 201–300 — খারাপ (Poor) | দীর্ঘ সময় বাইরে থাকলে অনেকের শ্বাসকষ্ট হতে পারে। |
| 301–400 — অত্যন্ত খারাপ (Very Poor) | দীর্ঘ সময়ের সংস্পর্শে শ্বাসযন্ত্রের অসুস্থতার ঝুঁকি বাড়ে। |
| 401–500 — ভয়াবহ (Severe) | সুস্থ মানুষেরও শ্বাসযন্ত্রের সমস্যা হতে পারে। আগে থেকে হৃদ্যন্ত্র বা ফুসফুসের রোগ থাকলে ঝুঁকি আরও বেশি। |
এই শ্রেণিবিভাগের একটি উদ্দেশ্য হল সাধারণ মানুষকে দ্রুত সতর্ক করা। AQI 300 হলে বাতাসের মান যে উদ্বেগজনক, তা বোঝার জন্য কাউকে PM2.5-এর রাসায়নিক বা ভৌত বৈশিষ্ট্য জানতে হয় না।
কিন্তু মনে রাখতে হবে, AQI 50-এর নিচে থাকলেই বাতাস সম্পূর্ণ দূষণমুক্ত নয়। আবার AQI 100-এর নিচে থাকলেও দীর্ঘদিন দূষিত বাতাসে শ্বাস নেওয়ার ফলে স্বাস্থ্যের ক্ষতি হতে পারে। বায়ুদূষণের ক্ষেত্রে কোনও একটি সংখ্যাকে সম্পূর্ণ নিরাপদ সীমা বলে ধরে নেওয়া ঠিক নয়।
AQI কেন এত গুরুত্বপূর্ণ?
বায়ুদূষণ শুধু চোখে দেখা ধোঁয়াশা বা কাশির সমস্যা নয়। এর প্রভাব শরীরের একাধিক অঙ্গের ওপর পড়ে।
PM2.5-এর মতো সূক্ষ্ম কণা ফুসফুসের গভীরে প্রবেশ করে প্রদাহ সৃষ্টি করতে পারে। দীর্ঘমেয়াদি সংস্পর্শে হৃদ্রোগ, স্ট্রোক, দীর্ঘস্থায়ী শ্বাসকষ্ট এবং ফুসফুসের ক্যানসারের ঝুঁকি বাড়ে। ওজোন শ্বাসনালিতে প্রদাহ সৃষ্টি করতে পারে। নাইট্রোজেন ডাই-অক্সাইড ও সালফার ডাই-অক্সাইডও শ্বাসযন্ত্রের সমস্যা বাড়াতে পারে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা 2021 সালে তাদের বায়ুর গুণমান সংক্রান্ত নির্দেশিকা সংশোধন করে। তারা দেখায়, আগে যতটা দূষণকে গ্রহণযোগ্য বলে মনে করা হত, তার চেয়েও কম মাত্রায় কিছু দূষক স্বাস্থ্যের ক্ষতি করতে পারে।
উদাহরণ হিসেবে PM2.5-এর ক্ষেত্রে WHO-এর নির্দেশিকা:
| পরিমাপের সময় | WHO নির্দেশিত মাত্রা |
|---|---|
| বার্ষিক গড় | 5 µg/m³ |
| 24 ঘণ্টার গড় | 15 µg/m³ |
এখানে ভারতের AQI পদ্ধতির সঙ্গে একটি তুলনা করা যাক। ভারতে PM2.5-এর ঘনত্ব 30 µg/m³ পর্যন্ত হলে তার সাব-ইনডেক্স 50-এর মধ্যে থাকে। অর্থাৎ, AQI-এর ‘Good’ শ্রেণিতেও এমন দূষণের মাত্রা থাকতে পারে, যা WHO-এর স্বাস্থ্যভিত্তিক নির্দেশিকার তুলনায় অনেক বেশি।
একটি বার্ষিক গড়, অন্যটি 24 ঘণ্টার গড় এবং AQI-এর সীমা আবার আলাদা সময়ভিত্তিক হিসাবের ওপর নির্ভর করে। এগুলিকে হুবহু একই মাপ হিসেবে তুলনা করা যাবে না।
WHO-এর নির্দেশিকা কোনও আইনি নিষেধাজ্ঞা নয়। দেশগুলি নিজেদের জাতীয় মান নির্ধারণে এটি ব্যবহার করতে পারে। কিন্তু WHO-এর নির্দেশিকা ও জাতীয় AQI-এর মধ্যে পার্থক্য থেকেই বোঝা যায়, কোনও দেশের AQI ‘ভালো’ দেখালেই সেই বাতাস আন্তর্জাতিক স্বাস্থ্যভিত্তিক নির্দেশিকা পূরণ করছে, এমন নয়।
কোনও দেশের সরকার কি AQI-কে কম দেখাতে পারে?
হ্যাঁ – অন্যান্য অনেক অর্থনৈতিক ও পরিবেশ সংক্রান্ত সূচকের মতো এখানেও data manipulation করা যায় । তবে বিষয়টি একটু সূক্ষ্মভাবে বোঝা দরকার। AQI হিসাবের পদ্ধতি নিজেই একটি নির্দিষ্ট নিয়মের কাঠামো। সেই নিয়ম মেনে হিসাব করলেও বাতাসের প্রকৃত দূষণের সম্পূর্ণ ছবি সব সময় পাওয়া যায় না। আবার নিয়ম, পরিমাপের ব্যবস্থা বা তথ্য প্রকাশের পদ্ধতি বদলালে AQI-ও বদলে যেতে পারে।
1. AQI-এর সীমা পরিবর্তন করা
AQI নির্ধারণের জন্য প্রতিটি দূষকের পরিমাপের সাথে একটি index যুক্ত থাকে।
ধরা যাক, PM2.5-এর ঘনত্ব 30 µg/m³ পর্যন্ত থাকলে AQI-এর সাব-ইনডেক্স 50-এর মধ্যে থাকবে। এখন কোনও দেশ যদি এই সীমা বাড়িয়ে দেয়, তাহলে একই পরিমাণ দূষণের জন্য AQI আগের তুলনায় কম দেখাবে। নতুন বৈজ্ঞানিক গবেষণার ভিত্তিতে সীমা পরিবর্তন করা বৈধ ও প্রয়োজনীয় হতে পারে। কিন্তু স্বাস্থ্যের ঝুঁকি বিবেচনা না করে শুধুমাত্র দূষণের সরকারি সূচক কম দেখানোর জন্য সীমা বাড়ানো হলে তা বিভ্রান্তিকর।
2. কোন জায়গায় পর্যবেক্ষণ কেন্দ্র বসানো হচ্ছে
একটি শহরের সব জায়গায় সমান দূষণ থাকে না। যদি কোন শহরে দূষিত এলাকাগুলিতে AQI পর্যবেক্ষণ কেন্দ্র কম বসানো হয়, তাহলে সেখানকার প্রকাশিত তথ্য বাস্তবের তুলনায় ভালো দেখাতে পারে। আবার দূষণ বেশি এমন কোনও কেন্দ্র দীর্ঘদিন যন্ত্রের ত্রুটি বা রক্ষণাবেক্ষণের কারণে বন্ধ থাকলে, সেই এলাকার দূষণের তথ্যও অনুপস্থিত থেকে যায়।
3. কোন দূষক মাপা হচ্ছে, আর কোনটি হচ্ছে না
ভারতের AQI-তে আটটি দূষক বিবেচনা করা হলেও সব পর্যবেক্ষণ কেন্দ্রে সব কটির তথ্য পাওয়া যায় না। অন্তত তিনটি দূষকের পর্যাপ্ত তথ্য থাকলে এবং তার মধ্যে PM2.5 বা PM10 থাকলে AQI হিসাব করা যায়।
এখানে একটি সীমাবদ্ধতা রয়েছে। ধরুন, কোনও এলাকার বাতাসে একটি নির্দিষ্ট দূষক খুব বেশি, কিন্তু সেটি মাপার যন্ত্র সেখানে নেই। তাহলে সেই দূষকের কারণে হওয়া স্বাস্থ্যঝুঁকি AQI-তে প্রতিফলিত হবে না। এমনকি AQI হিসাব করার জন্য প্রয়োজনীয় ন্যূনতম তথ্য থাকলেও, সেটি সব দূষকের সম্পূর্ণ চিত্র নয়।
4. কোন সময়ের গড় ব্যবহার করা হচ্ছে
দূষণের মাত্রা দিনের বিভিন্ন সময়ে বদলে যায়। সকালে যানবাহনের চাপ বাড়লে PM2.5 বা NO₂ বাড়তে পারে। দুপুরে আবহাওয়ার পরিবর্তনে দূষণের ঘনত্ব কমতে পারে। আবার রাতে বাতাসের গতি কমলে দূষক জমে থাকতে পারে। এখন কোনও প্রতিবেদনে যদি কেবল কয়েক ঘণ্টার গড় দেখানো হয়, সেটি 24 ঘণ্টার গড়ের তুলনায় আলাদা হতে পারে। দীর্ঘ সময়ের গড় ব্যবহার করলে কয়েক ঘণ্টার ভয়াবহ দূষণের প্রভাবও কিছুটা ঢাকা পড়তে পারে।
গড় ব্যবহার করার মধ্যে কোন ঝামেলা নেই – সমস্যা তৈরি হয় যখন কোন সময়ের গড় প্রকাশ করা হচ্ছে, তা স্পষ্ট করে জানানো হয় না।
5. শহরের AQI কীভাবে নির্ধারণ করা হচ্ছে
একটি শহরের প্রতিটি পর্যবেক্ষণ কেন্দ্রের AQI আলাদা হতে পারে। কোনও অ্যাপ শহরের সর্বোচ্চ AQI দেখাতে পারে, অন্য কোনও পরিষেবা একাধিক কেন্দ্রের গড় দেখাতে পারে। আবার কোনও পরিষেবা নিকটবর্তী কেন্দ্রের তথ্য ব্যবহার করতে পারে। তাই একটি শহরের বায়ুর মান বোঝার জন্য কোন পদ্ধতিতে শহরের AQI নির্ধারণ করা হচ্ছে, সেটি জানা জরুরি।
6. AQI-এর সর্বোচ্চ সীমা 500
ভারতের জাতীয় AQI-এর সর্বোচ্চ প্রকাশিত মান 500। কিন্তু এর অর্থ এই নয় যে 500 হল বায়ুদূষণের সর্বোচ্চ সম্ভাব্য মাত্রা।
ধরা যাক, PM2.5-এর ঘনত্ব 250 µg/m³-এর বেশি। সেটি Severe শ্রেণিতে পড়বে। ঘনত্ব 300 হোক বা 500 µg/m³, দুটিই একই সর্বোচ্চ শ্রেণিতে পড়তে পারে।
অর্থাৎ, AQI 500-এর পরেও দূষণ বাড়তে পারে, কিন্তু এই সূচক সেই অতিরিক্ত বৃদ্ধিকে আর আলাদা করে দেখাতে পারে না। এটি সূচকটির একটি গাণিতিক সীমাবদ্ধতা, এবং চরম দূষণের সময় শুধু AQI-এর ওপর নির্ভর করলে বিপদের প্রকৃত মাত্রা বোঝা কঠিন হতে পারে।
তাহলে কি সরকার ইচ্ছামতো AQI কমিয়ে দিতে পারে?
কোনও সরকার চাইলে AQI-এর হিসাবের নিয়ম, সীমা, পর্যবেক্ষণ কেন্দ্রের অবস্থান বা তথ্য প্রকাশের পদ্ধতি পরিবর্তন করে সরকারি সূচককে কম দেখানোর পরিস্থিতি তৈরি করতে পারে। কিন্তু প্রতিটি পরিবর্তনই যে কারচুপি, তা বলা যাবে না। এর জন্য দেখতে হবে পরিবর্তনটির বৈজ্ঞানিক ভিত্তি আছে কি না, তা স্বচ্ছভাবে প্রকাশ করা হয়েছে কি না এবং স্বাধীন বিশেষজ্ঞরা সেটি যাচাই করতে পারছেন কি না।
এখানে সবচেয়ে কার্যকর ব্যবস্থা হল মূল তথ্য বা Raw Data সর্বসাধারণের জন্য উন্মুক্ত রাখা। কোন কেন্দ্রে কত PM2.5, PM10 বা NO₂ মাপা হয়েছে, কত ঘণ্টার তথ্য পাওয়া গেছে, কোন যন্ত্র কাজ করেনি, এই সব তথ্য প্রকাশ করা হলে স্বাধীন গবেষকেরাও নিজেদের মতো করে হিসাব করতে পারবেন।
তাহলে সাধারণ মানুষ কীভাবে বুঝবেন বাতাস আসলে কতটা দূষিত?
বাতাসের মান যাচাই করতে শুধু AQI দেখার বদলে কয়েকটি তথ্য একসঙ্গে দেখা উচিত।
1. AQI-এর পাশাপাশি PM2.5-এর প্রকৃত ঘনত্ব দেখুন। AQI কম হলেও PM2.5-এর মাত্রা কত, সেটি জানা দরকার।
2. একাধিক পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য দেখুন। শহরের একটি কেন্দ্রের তথ্য পুরো শহরের প্রতিনিধিত্ব করে না।
3. এক দিনের পরিবর্তে দীর্ঘমেয়াদি তথ্য দেখুন। বিশেষ করে মাসিক ও বার্ষিক গড় PM2.5-এর মাত্রা গুরুত্বপূর্ণ।
4. WHO-এর নির্দেশিকার সঙ্গে তুলনা করুন।
5. পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য কতটা সম্পূর্ণ, তা দেখুন। কোনও কেন্দ্রে যন্ত্র বন্ধ থাকলে বা পর্যাপ্ত তথ্য না থাকলে সেই তথ্যের ভিত্তিতে তৈরি AQI-কে সতর্কতার সঙ্গে বিচার করতে হবে।
সূত্র
- CPCB ও IIT Kanpur (2014)
- Indian Economic Service
- WHO (2021) [WHO Global Air Quality Guidelines]
- US EPA
