প্রফুল্ল চন্দ্র রায়
বিজ্ঞান সাধনার ফলে ইয়োরোপ ও আমেরিকা আজ পৃথিবী জয় করিয়াছে। শিল্পে, বাণিজ্যে, অর্থে, স্বাস্থ্যে, ও দুর্জ্জয় ক্ষমতায় জগতের মধ্যে তাহারা আজ শ্রেষ্ঠ স্থান অধিকার করিয়াছে। বিগত কয়েক শতাব্দী ধরিয়া বিজ্ঞান অনুশীলনে একাগ্র সাধনা করিয়া তাহারা যেরূপ দ্রুত ও আশ্চর্য্য উন্নতি লাভ করিয়াছে, তাহা যথার্থই প্রশংসনীয়। আমাদের এই দরিদ্র দেশের সম্পদ বৃদ্ধি করিতে হইলে, জাতীয় শক্তি ও স্বাধীনতা অর্জন করিতে হইলে পাশ্চাত্য দেশের অনুকরণে বিজ্ঞান শিক্ষা, বিজ্ঞানের সাধনা ও বিজ্ঞান অনুশীলনের একান্ত প্রয়োজন। আজ যে ইয়োরোপ ও আমেরিকা জাতি হিসাবে সকল দিক দিয়া বড় হইয়া উঠিয়াছে বিজ্ঞান সাধনাই তাহার মূলে। বিজ্ঞান চর্চার ফলেই আজ আকাশের বিদ্যুৎ তাহাদের আজ্ঞাবাহিনী দাসী! জলপ্রপাতের গতি, নদ-নদীর তরঙ্গবেগ, সূর্য্যরশ্মির উত্তাপ, আজ তাহাদের পদানত ভৃত্য। তাহারা টেলিগ্রাফ ও টেলিফোনের সাহায্যে দূর দূরান্তের লোকের সঙ্গে মুহূর্তের মধ্যে সংবাদ আদান-প্রদান করিতেছে। বেতার বার্তার সাহায্যে অগাধ সমুদ্রে ভাসমান তরীর সঙ্গে প্রতিক্ষণে যোগ রাখা সম্ভব হইয়াছে। উড়োজাহাজে তাহারা দেশে দেশান্তরে ছয় মাসের পরিবর্তে আজ ছয়দিনে উত্তীর্ণ হইতেছে। রেডিও, সিনেমা, টেলিভিশন প্রভৃতি বিস্ময়কর ও অদ্ভুত আবিষ্কারের দ্বারা আজ পৃথিবীর লোকের বিবিধ প্রয়োজন সাধিত হইতেছে। বিজ্ঞান আজ ওদেশের মানুষকে পৌরাণিক ঋষি তপস্বী বা দেবতাদের ন্যায় প্রভূত শক্তি ও সম্পদের অধিকারী করিয়া তুলিয়াছে।
জাপান আজ ইয়োরোপ ও আমেরিকার দৃষ্টান্ত অনুসরণ করিয়া বিজ্ঞান সাধনার বলে কত অল্পদিনের মধ্যেই না এশিয়া মহাদেশের সকল জাতি অপেক্ষা সকল দিক দিয়া বড় হইয়া উঠিয়াছে। প্রাচীন চীনও ক্রমশঃ এই বিজ্ঞানের দীক্ষায় দীক্ষালাভ করার ফলে জগতে অজেয় হইয়া উঠিবে। জাপানকে ইয়োরোপ ও আমেরিকা আজ সম্মান ও সম্ভ্রম দেখাইতে বাধ্য হইয়াছে। কিন্তু ভারতবাসীর সম্মান কোথাও নাই। ইয়োরোপ আমেরিকা ত দূরের কথা, তাহারা আফ্রিকা, নিউজিল্যান্ড, ফিলিপাইনেও সকলের অবজ্ঞার পাত্র। ভারতবর্ষকে পৃথিবীর মধ্যে মানুষের মত বাঁচিতে হইলে আমাদের সকলকে বিজ্ঞান সাধনায় একাগ্রমনে ব্রতী হইতে হইবে। যতদিন না এ দেশের জনসাধারণের মধ্যে উচ্চ বিজ্ঞান শিক্ষার প্রচলন হইতেছে, ততদিন আমাদের দুঃখ কষ্ট দারিদ্র্য ও পরাধীনতা ঘুচিবে না।
দেশের ছেলেমেয়েরাই দেশের ভবিষ্যৎ আশা ভরসাস্থল। তাহাদের মধ্যে যেমন স্বদেশানুরাগ উদ্বুদ্ধ করা প্রয়োজন, সেইরূপ বিজ্ঞান সাধনায় অনুরাগী হইয়া উত্তর-জীবনে যাহাতে তাহারা এই মহৎ কার্য্যে ব্রতী হয়, এখন হইতে তাহাদের সেইরূপ শিক্ষার দ্বারা মনোবৃত্তি গঠন করা আবশ্যক।
আজকাল দেখিতে পাই—“পুরাকালে আমাদের দেশে সমস্তই ছিল, য়ুরোপ ও আমেরিকা এখনও সেখানে পৌঁছাইতে পারে নাই”—এই বলিয়া অনেকেই ছেলেদের নিকট গর্ব করিয়া থাকেন। কিন্তু একথা কেহই তাহাদের বলেন না যে, ভারতবাসী তাহাদের সেই প্রাচীন সাধনা হইতে বিরত হওয়ার ফলেই তাহাদের আজ দুর্দশার অন্ত নাই। উচ্চ শিক্ষার নামে কেবল কতকগুলি বড় বড় বই মুখস্থ করিয়া এদেশের ছেলেরা বেকার অবস্থায় ঘরে বসিয়া বৃথা সময় নষ্ট করিতেছে। পূর্বপুরুষদের অধুনালুপ্ত বাহাদুরীর বড়াই করিয়া, আর বেদ-বেদান্ত উপনিষদের দোহাই পাড়িয়া জাতির দুঃখ ঘুচিবে না, দারিদ্র্যও দূর হইবে না। নিজেদের অক্ষমতার লজ্জা ঢাকিবার জন্য এককালে তাহারা কেবল মুখে বড় বড় কথা বলিতেছে, কিন্তু প্রকৃত কার্য্যক্ষেত্রে কেহই অগ্রসর হইতেছে না। দুঃখে, দৈন্যে, রোগে, অনাহারে, দাসত্বের নিষ্পেষণে জর্জরিত হইয়া তাহারা কেবল নিজেদের ব্যক্তিগত ক্ষুদ্র জীবন ও ক্ষুদ্র স্বার্থরক্ষার নিষ্ফল চেষ্টায় পরস্পর বিরোধ ও আত্মকলহে প্রবৃত্ত হইয়াছে। হিন্দুই হউক, আর মুসলমান হউক বিজ্ঞানের সাধনায় যতদিন না তাহারা নিজেদের মিলিত শক্তি নিয়োগ করিতে শিখিবে ততদিন দেশের ও জাতির উন্নতির কোন আশা নাই।
আধুনিক বিজ্ঞান জগতে য়ুরোপ ও আমেরিকা এমন কি জাপানও অগ্রণী হইয়াছে। বিজ্ঞানের সাহায্যেই তাহারা আজ শ্রেষ্ঠ ধনী ও প্রতাপশালী জাতি হইয়া উঠিয়াছে। মানুষের দৈনন্দিন প্রয়োজনীয় ও নিত্য ব্যবহার্যের অসংখ্য জিনিসপত্র ঔষধ ও প্রসাধন-সামগ্রী প্রস্তুত করিয়া য়ুরোপ, আমেরিকা ও জাপান জগতের যত শিল্প বাণিজ্য ও বিজ্ঞানবিহীন দেশগুলিতে প্রচুর পরিমাণে রপ্তানী করিতেছে। ভারতবর্ষ তাহাদের একটি মস্ত বড় ক্রেতা। এদেশের বাজার বিদেশী জিনিসে ভরিয়া গিয়াছে। আমরা নির্বিচারে সেই সমস্ত কিনি, ফলে আমাদের কষ্টার্জিত পয়সা অবাধে বিদেশে চলিয়া যাইতেছে। তাহারা যতই ধনী হইয়া উঠিতেছে, আমরা ততই দরিদ্র হইয়া পড়িতেছি।
মাত্র ষাট সত্তর বৎসরের মধ্যেই জাপান যে আজ পৃথিবীর একটি শ্রেষ্ঠ জাতিতে পরিণত হইতে পারিয়াছে, সে কেবল বিজ্ঞান অনুশীলনের গুণেই। জ্ঞান-বিজ্ঞানের নানা শাখা উপশাখায় জাপান যে কত কর্মেই উন্নতি লাভ করিয়াছে তাহার সম্যক্ আলোচনা না করিয়া কেবলমাত্র খনিজ বিজ্ঞানের দুই একটি স্থূল উদাহরণ দিলেই তাহা অনেকটা উপলব্ধি হইতে পারে। আজ জাপান আমাদের এই ভারতবর্ষ হইতেই প্রচুর ফেলা-ছড়ানো অকেজো লোহার টুকরা-টাকরা, কুচো লোহা, কাঁচা লোহা ও পিগ-আয়রন অত্যন্ত সস্তা দরে কিনিয়া লইয়া তাহা হইতে মজবুত পাকা লোহা ও ইস্পাত তৈয়ারী করিতেছে। সেই ইস্পাত হইতে বিবিধ যন্ত্রপাতি, কলকব্জা, অস্ত্রশস্ত্র কামান, বন্দুক, রণতরী প্রভৃতি প্রস্তুত করিয়া নিজেরা ব্যবহার করিতেছে ও দেশ বিদেশে বিক্রয় করিয়া রাশিরাশি অর্থ উপার্জন করিতেছে। জাপান খেলনা, পুতুল, বাইসিকেল, বিবিধ ইলেকট্রিক যন্ত্রপাতি ও অন্যান্য নানা প্রয়োজনীয় দ্রব্যাদি তৈয়ার করিয়া শুধু যে নিজেদের অভাবই পূরণ করিতেছে তাহাই নহে, দেশ বিদেশে চালান দিয়া পৃথিবীর বাজার হস্তগত করিয়া ফেলিয়াছে।
ভারতবর্ষ পাশ্চাত্য শিক্ষায় মনোনিবেশ করিয়াছিল রাজা রামমোহন রায়ের আমল হইতে; অর্থাৎ জাপান পাশ্চাত্য শিক্ষায় দীক্ষালাভ করিবার সত্তর বৎসর পূর্বে। কিন্তু ভারতবর্ষ য়ুরোপের সাহিত্য লইয়াই ভুলিয়া রহিল; জাপান বাছিয়া লইল—বিজ্ঞান। ফলে সত্তর বৎসরের মধ্যে জাপান হইল নবীন সূর্যোদয়, কিন্তু দেড়শত বৎসরেও ভারতবর্ষ ‘যে তিমিরে সেই তিমিরে’ রহিয়া গেল। কলিকাতা বিশ্ববিদ্যালয় ১৮৫৭ খৃষ্টাব্দ হইতে স্কুল কলেজে বিজ্ঞান শিক্ষার ব্যবস্থা করিয়াছেন, কিন্তু অধিকাংশ বাঙ্গালীর ছেলেই বিজ্ঞান পড়ে তোতাপাখীর মত মুখস্থ করিয়া কেবলমাত্র পরীক্ষায় পাশ করিবার উদ্দেশ্যে। গত তিরিশ বৎসরের মধ্যে কত হাজার হাজার ছেলে আই. এস-সি., বি. এস-সি., এম. এস-সি পাশ করিয়া গিয়াছে, কিন্তু তাহাদের মধ্যে কয়জন ছেলে পরবর্তী কালে বিজ্ঞান সাধনাকেই জীবনের ব্রত করিয়াছে?
অনেকের মুখে শুনিতে পাই অর্থের অভাবে বাঙ্গালীর ছেলেরা ব্যবসায় ক্ষেত্রে কিছুই দাঁড়াইয়া উঠিতে পারিতেছে না। কিন্তু একথা সত্য নয়। কত অশিক্ষিত, কপর্দক শূন্য মাড়োয়ারী, বিহারী, পাঞ্জাবী এ দেশে আসিয়া দিনান্তে মাত্র একমুষ্টি ছাতু খাইয়া, কত কষ্ট স্বীকার করিয়া ক্রমে বড় বড় ব্যবসা ফাঁদিয়া বসিয়াছেন। এদেশের ছেলেদের চাই ব্যবসায় ঢের আগ্রহ, যাহা সকল কষ্ট ও অসুবিধা সহ্য করিবার ও জয়ী হইবার শক্তি দিতে পারে। সুখের বিষয় যে, চাকরির অভাবে কোনো কোনো ছেলের মতিগতি আজকাল ব্যবসায়ের দিকে ঝুঁকিয়াছে। দেশের লোকের উচিত তাহাদের প্রস্তুত দ্রব্যাদি ব্যবহার করিয়া দেশীয় পণ্য গড়িয়া তুলতে সাহায্য করা। বিদেশী দ্রব্যের তুলনায় নিকৃষ্ট হইলেও, বিলাসিতা ব্যাপারে ত্যাগ স্বীকার করিয়া দেশের বৃহৎ কল্যাণের মুখ চাহিয়া দেশীয় শিল্পকে উৎসাহ ও পোষকতা দান করা কর্তব্য। নচেৎ কোন দিনই আমাদের নিজ বাণিজ্য বাড়িয়া উঠিবার সুযোগ পাইবে না, এবং আমাদের দুঃখও দূর হইবে না। পরাধীন জাতির বিদেশী দ্রব্য ব্যবহারের বাবুগিরি করিতে লজ্জা পাওয়া উচিত।
পাঠশালা (১ম বর্ষ) (১৩৪৫), ৮ম সংখ্যা।
