যখন আমরা মোবাইল থেকে কাউকে টাকা পাঠাই, অনলাইনে কেনাকাটা করি কিংবা কোনও ওয়েবসাইটে পাসওয়ার্ড দিয়ে ঢুকি, তখন আমাদের তথ্যের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করে একাধিক ধরনের ক্রিপ্টোগ্রাফি বা সাংকেতিক ব্যবস্থা। ফোনের সফটওয়্যার আপডেট থেকে শুরু করে ইন্টারনেট ব্যাঙ্কিং, সব ক্ষেত্রেই এই প্রযুক্তির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এই নিরাপত্তাব্যবস্থার একটি পরিচিত উপাদান RSA-2048 নামের এনক্রিপশন পদ্ধতি।
কিন্তু এই নিরাপত্তাব্যবস্থা কি চিরকাল অটুট থাকবে? ভবিষ্যতের কোয়ান্টাম কম্পিউটার কি এমন কোনও ক্ষমতা অর্জন করতে পারে, যার সাহায্যে কয়েকশো বছরের সাধারণ কম্পিউটারের কাজ কয়েক দিনের মধ্যে করে ফেলা সম্ভব হবে?
নতুন একটি গবেষণায় সেই সম্ভাবনারই একটি চমকপ্রদ হিসাব দিয়েছেন গবেষকেরা। তাঁদের মতে, বিশেষ ধরনের কোয়ান্টাম কিউবিট ব্যবহার করে তৈরি একটি কম্পিউটারে মাত্র 22,593টি ফিজিক্যাল কিউবিট থাকলেই RSA-2048 ভাঙতে সময় লাগতে পারে প্রায় মাত্র 3.14 দিন। তবে এটি কোনও বাস্তব কম্পিউটারে পরীক্ষা করে পাওয়া ফল নয়। এটি একটি গাণিতিক ও প্রযুক্তিগত মডেলের ভিত্তিতে করা হিসাব।
এই তালা কীভাবে কাজ করে?
RSA হল এক ধরনের পাবলিক-কি ক্রিপ্টোগ্রাফি। এখানে দুটি চাবি থাকে, একটি পাবলিক কি (public key), যা অন্যদের সঙ্গে ভাগ করে নেওয়া যায় – অন্যটি প্রাইভেট কি (private key), যা গোপন রাখতে হয়। এই দুই চাবি গণিতের নিয়মে পরস্পরের সঙ্গে সম্পর্কিত।
RSA-এর নিরাপত্তার মূল ভিত্তি হল এটা – দুটি বিশাল মৌলিক সংখ্যাকে গুণ করা সহজ, কিন্তু শুধু তাদের গুণফল জানা থাকলে সেই সংখ্যাগুলি আলাদা করে বের করা অত্যন্ত কঠিন।
ধরা যাক, 7 ও 13 গুণ করে 91 পাওয়া গেল। এই দুটি সংখ্যা জানা থাকলে গুণফল বের করা সহজ। কিন্তু শুধু 91 দেওয়া থাকলে তার মৌলিক উৎপাদক 7 ও 13 খুঁজে বের করতে হবে। ছোট সংখ্যার ক্ষেত্রে কাজটি সহজ। কিন্তু RSA-2048-এ দুটি বিশাল মৌলিক সংখ্যার গুণফল 2048 বিটের একটি সংখ্যা। দশমিক পদ্ধতিতে সেটি সর্বোচ্চ 617 অঙ্কের হতে পারে।
এই গুণফলকে বলা হয় মডিউলাস (modulus)। সেটি পাবলিক কি-র অংশ, অর্থাৎ সবাই জানতে পারে। কিন্তু এর উৎপাদক দুটি জানা থাকলে প্রাইভেট কি-র গুরুত্বপূর্ণ গাণিতিক উপাদানগুলি বের করা সম্ভব। সাধারণ কম্পিউটারের পক্ষে এত বড় সংখ্যার উৎপাদক খুঁজে বের করা অত্যন্ত কঠিন। এই যে গানিতিক সমস্যা – এটাকেই কাজে লাগায় RSA-2048।
কোয়ান্টাম কম্পিউটার কেন বিপজ্জনক?
1994 সালে গণিতবিদ পিটার শোর (Peter Shor) একটি অ্যালগরিদম প্রকাশ করেন, যা দেখায় কোয়ান্টাম কম্পিউটারে দিয়ে বড় সংখ্যার উৎপাদক খুঁজে বের করার কাজ অনেক দ্রুত করা সম্ভব। এই পদ্ধতির নাম শোরের অ্যালগরিদম (Shor’s algorithm)।
সাধারণ কম্পিউটার কাজ করে বিটের সাহায্যে। প্রতিটি বিটের মান হয় 0 অথবা 1। অন্যদিকে, কোয়ান্টাম কম্পিউটারের মৌলিক একক কিউবিট (qubit)। একটি কিউবিট 0 ও 1-এর কোয়ান্টাম সুপারপজিশনে থাকতে পারে। একাধিক কিউবিটের মধ্যে কোয়ান্টাম entanglement ও interference -এর মতো বৈশিষ্ট্য কাজে লাগিয়ে নির্দিষ্ট কিছু গাণিতিক সমস্যা সমাধান করা যায়।
তবে এর অর্থ এই নয় যে কোয়ান্টাম কম্পিউটার সব ধরনের হিসাব সাধারণ কম্পিউটারের চেয়ে দ্রুত করতে পারে। শোরের অ্যালগরিদম বিশেষভাবে বড় সংখ্যার উৎপাদক নির্ণয় এবং কিছু নির্দিষ্ট গাণিতিক সমস্যার জন্য গুরুত্বপূর্ণ।
নতুন গবেষণায় কী জানা গেল?
Paris ও Boston ভিত্তিক কোয়ান্টাম কম্পিউটিং সংস্থা Alice & Bob-এর গবেষকেরা এই সমস্যার জন্য একটি বিশেষ ধরনের কিউবিট ব্যবহার করে প্রয়োজনীয় কম্পিউটারের নকশা তৈরি করেছেন। তাঁদের সঙ্গে গবেষণায় যুক্ত ছিলেন অন্যান্য প্রতিষ্ঠানের গবেষকেরাও।
গবেষকেরা শুধু কতগুলি কিউবিট লাগবে, তা হিসাব করেননি। শোরের অ্যালগরিদমের বিভিন্ন ধাপ কীভাবে বাস্তব কিউবিটে চালানো হবে, ভুল কীভাবে সংশোধন করা হবে, কতগুলি সহায়ক কিউবিট লাগবে এবং চিপে সেগুলিকে কীভাবে সাজানো হবে, সেগুলিও তাঁদের মডেলে বিবেচনা করা হয়েছে।
তাঁদের হিসাব অনুযায়ী:
- 22,593টি ফিজিক্যাল ক্যাট কিউবিট ব্যবহার করলে RSA-2048 ভাঙতে সময় লাগবে প্রায় 3.14 দিন।
- বেশি কিউবিট ব্যবহার করে গণনার সময় কমানো সম্ভব। প্রায় 6,10,530টি কিউবিটের সমন্বয়ে একই কাজ করতে সময় লাগতে পারে প্রায় 1.25 ঘণ্টা।
- কম কিউবিট ব্যবহার করলে সময় আরও বাড়বে। উদাহরণস্বরূপ, প্রায় 21,188টি কিউবিটে সময় লাগতে পারে 8.08 দিন।
এখানে ফিজিক্যাল কিউবিট বলতে যন্ত্রের বাস্তব কিউবিট বোঝানো হচ্ছে। এগুলি সরাসরি অ্যালগরিদমের শুধুই তথ্য সংরক্ষণে ব্যবহৃত হয় না, ভুল সংশোধন, তথ্য আদান-প্রদান এবং অন্যান্য সহায়ক কাজেও বহু কিউবিট লাগে।
গবেষণায় আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে। Bitcoin-এ মালিকানা যাচাইয়ের জন্য RSA নয়, ব্যবহার করা হয় এলিপটিক কার্ভ ক্রিপ্টোগ্রাফি (elliptic curve cryptography)। এর নিরাপত্তা নির্ভর করে একটি ভিন্ন গাণিতিক সমস্যার ওপর, এলিপটিক কার্ভ ডিসক্রিট লগারিদম প্রবলেম (ECDLP)।
গবেষকদের হিসাব অনুযায়ী, Bitcoin-এর secp256k1 ব্যবস্থার এই গাণিতিক সমস্যাটি সমাধান করতে প্রায় 29,588টি ক্যাট কিউবিট এবং 61.8 মিনিট লাগতে পারে। অর্থাৎ কোয়ান্টাম কম্পিউটারের বিপদ শুধু প্রচলিত RSA এনক্রিপশনের মধ্যেই সীমাবদ্ধ নয়।
ক্যাট কিউবিট কী? বিড়ালের সঙ্গে সম্পর্ক কোথায়?
কোয়ান্টাম কম্পিউটারের অন্যতম বড় সমস্যা হল কিউবিট খুব সহজেই বাইরের পরিবেশের প্রভাবে ভুল করতে পারে। তাপমাত্রা, বৈদ্যুতিক গোলমাল এবং অন্যান্য পরিবেশগত প্রভাবের কারণে কোয়ান্টাম তথ্য নষ্ট হয়ে যেতে পারে।
এই সমস্যা কমানোর একটি পদ্ধতি হল ক্যাট কিউবিট (cat qubit)। এর নাম এসেছে পদার্থবিদ এরউইন শ্রোডিঙ্গারের বিখ্যাত thought experiment ‘শ্রোডিঙ্গারের বিড়াল’ থেকে।
সাত বছরে প্রয়োজনীয় কিউবিটের সংখ্যা এত কমল কেন?
কোয়ান্টাম কম্পিউটারে RSA-2048 ভাঙতে কত কিউবিট লাগবে, তার অনুমান গত কয়েক বছরে দ্রুত বদলেছে।
2019 সালে ক্রেগ গিডনি ও মার্টিন একেরা হিসাব করেছিলেন, কাজটি করতে প্রায় 2 কোটি ফিজিক্যাল কিউবিট লাগতে পারে। 2025 সালে Google Quantum AI-এর ক্রেগ গিডনি নতুন অ্যালগরিদম ও উন্নত ত্রুটি সংশোধন পদ্ধতি ব্যবহার করে সংখ্যাটি 10 লক্ষের নিচে নামিয়ে আনেন।
অন্যদিকে, Alice & Bob-এর নিজেদের ক্যাট-কিউবিট স্থাপত্যের হিসাব 2023 সালে প্রায় 3.5 লক্ষ থেকে 2024 সালে 1 লক্ষের নিচে নেমেছিল। নতুন গবেষণায় সেটি আরও কমে 22,593 হয়েছে।
তবে এই সংখ্যাগুলির সরাসরি তুলনা করার সময় সতর্ক থাকা প্রয়োজন। বিভিন্ন গবেষণায় কিউবিটের ধরন, ভুলের হার, সংশোধন পদ্ধতি এবং কম্পিউটারের গতি সম্পর্কে আলাদা আলাদা অনুমান ব্যবহার করা হয়। তাই শুধু কিউবিটের সংখ্যা কমেছে বলেই সব ক্ষেত্রে একই অনুপাতে প্রযুক্তির অগ্রগতি হয়েছে, এমন বলা যায় না।
বাস্তবে কি এমন কম্পিউটার তৈরি হয়েছে?
না। 22,593টি ক্যাট কিউবিট দিয়ে RSA-2048 ভাঙতে পারে, এমন কোনও কার্যকর কোয়ান্টাম কম্পিউটার এখনো তৈরি হয়নি। গবেষণাটি মূলত একটি সম্ভাব্য যন্ত্রের নকশা।
অন্যদিকে, 2025 সালে Caltech-এর গবেষকেরা লেজারের সাহায্যে 6,100টি নিরপেক্ষ পরমাণু আটকে রাখতে সক্ষম হন। এটি কোয়ান্টাম প্রযুক্তিতে বড় অগ্রগতি। কিন্তু সেই পরমাণুগুলিকে একত্রে একটি পূর্ণাঙ্গ, ত্রুটি-সংশোধিত কোয়ান্টাম কম্পিউটার হিসেবে ব্যবহার করে RSA ভাঙা সম্ভব – এখনও এমন নয়। তাছাড়া Caltech-এর এই ব্যবস্থা ক্যাট কিউবিটের প্রযুক্তি থেকেও আলাদা।
এখনই কি আমাদের ভয় পাওয়ার কারণ আছে?
এখনই আতঙ্কিত হওয়ার কারণ নেই। কিন্তু বিষয়টিকে উপেক্ষা করারও সুযোগ নেই।
ব্যাঙ্কিং, সরকারি যোগাযোগ, ওয়েবসাইট এবং ডিজিটাল পরিকাঠামোর নিরাপত্তায় ব্যবহৃত অনেক ক্রিপ্টোগ্রাফিক পদ্ধতি ভবিষ্যতের শক্তিশালী কোয়ান্টাম কম্পিউটারের কাছে দুর্বল হয়ে পড়তে পারে। তাই বিজ্ঞানীরা এখন থেকেই পোস্ট-কোয়ান্টাম ক্রিপ্টোগ্রাফি (post-quantum cryptography) নিয়ে কাজ করছেন। এই পদ্ধতিগুলি এমনভাবে তৈরি করা হচ্ছে, যাতে প্রচলিত কম্পিউটারের পাশাপাশি ভবিষ্যতের কোয়ান্টাম কম্পিউটার দিয়েও সহজে ভাঙা না যায়।
জেনে রাখা ভালো
- এটা একটা তাত্ত্বিক হিসাব। কোনো কোয়ান্টাম কম্পিউটার আসলে কোনো এনক্রিপশন ভাঙেনি, আর 22,593 কিউবিটের এমন কোয়ান্টাম কম্পিউটার এখনও পৃথিবীর কোথাও নেই। তাই ‘3 দিন’ আজকের বিপদের মাপ নয়, ভবিষ্যতের এক সম্ভাব্য যন্ত্রের হিসাব।
- গবেষণাটি এখনও প্রিপ্রিন্ট, মানে পিয়ার রিভিউ (বিশেষজ্ঞ-যাচাই) হয়নি, অন্য বিজ্ঞানীরা এখনও এটা যাচাই করেননি। লেখকদের প্রায় সবাই Alice & Bob কোম্পানির কর্মী, আর এই কোম্পানি নিজেই ক্যাট কিউবিট বানিয়ে বিক্রি করে। তাই স্বাধীন যাচাই না হওয়া পর্যন্ত সংখ্যাগুলো সাবধানে পড়া ভালো।
