“জেনে রাখা ভালো” মানে কী

সহজের লেখায় প্রায়ই একটা আলাদা বাক্স থাকে, যার মাথায় লেখা “জেনে রাখা ভালো”। এই পাতায় তার মানে।

জেনে রাখা ভালো – মানে কি?

এগুলো এমন কয়েকটা ছোট ছোট ব্যাপার – যেটা পাঠককে ভুল সিদ্ধান্তে যাওয়া থেকে আটকাতে সাহায্য করে। যেমন:

  • গবেষণাটা মানুষের ওপর হয়নি, হয়েছে ইঁদুর বা অন্য প্রাণীর ওপর।
  • গবেষণাটা এখনো অন্য বিজ্ঞানীরা যাচাই (পিয়ার রিভিউ) করেননি। একে বলে প্রিপ্রিন্ট।
  • গবেষণায় অংশ নেওয়া মানুষের সংখ্যা অনেক কম ছিল।
  • দুটো জিনিস একসঙ্গে ঘটতে দেখা গেছে, কিন্তু একটা অন্যটার কারণ, তা প্রমাণ হয়নি।
  • খবরের সংখ্যাটা বাস্তবে কতটা বড় বা ছোট, তা বোঝার মতো একটা তুলনা।

কেন এটা থাকে?

বিজ্ঞানের খবরের শিরোনামে অনেক ঝলক থাকে। অনেক সময় algorithm কে পাল্লা দেওয়ার জন্য লেখা থাকে। সেটা পেরিয়ে প্রকৃত বিজ্ঞানের খবরে পৌঁছনো কঠিন।

অনেক সময় গবেষণায় যা প্রমাণিত তার চেয়ে অনেক বড় কথা বলে। আমরা চাই, আকর্ষণীয় খবরের পাশেই সৎভাবে লেখা থাকুক, “তবে এটাও জেনে রাখুন”। তাতে খবর একটু কম চমকপ্রদ শোনাতে পারে, কিন্তু বেশি বিশ্বাসযোগ্য হয়।

সব লেখায় এই বাক্স থাকে না। যে খবরে পাঠকের আলাদা করে জানার মতো কোনো সীমাবদ্ধতা নেই, সেখানে আমরা জোর করে কিছু লিখি না।

এই কথাগুলো আসে আমাদের যাচাইয়ের ধাপ থেকে, যেখানে প্রতিটি খবরের দাবি মূল গবেষণা আর অন্য নির্ভরযোগ্য উৎসের সঙ্গে মিলিয়ে দেখা হয়। বিস্তারিত আমাদের সম্পাদকীয় নীতিতে।