Neuroscience

উচ্চ চর্বিযুক্ত খাবারে মাত্র 24 ঘণ্টায় বদলে যায় মস্তিষ্ক, কী বলছে নতুন গবেষণা? স্ত্রী ও পুরুষ ইঁদুরে আলাদা ফল

বিয়েবাড়িতে এক দিন একটু বেশি খেয়ে ফেললে আমরা ভাবি, এক দিনে আর কী হবে! ওজন বাড়তে তো সময় লাগে। কিন্তু খাবারের ধরন বদলালে মস্তিষ্কের প্রতিক্রিয়া শুরু হতে পারে মাত্র 24 ঘণ্টার মধ্যেই। সম্প্রতি ইঁদুরের ওপর করা এক গবেষণায় দেখা গেছে, বেশি চর্বিযুক্ত খাবার খাওয়ার পর মস্তিষ্কের খিদে ও ওজন নিয়ন্ত্রণকারী স্নায়ুকোষে দ্রুত পরিবর্তন ঘটে। তবে পুরুষ ও স্ত্রী ইঁদুরের ক্ষেত্রে সেই পরিবর্তনের ধরণ এক নয়।

খাবারের অতিরিক্ত জোগান সামলাতে মস্তিষ্ক কীভাবে নিজেকে বদলে নেয়, এবং সেই প্রক্রিয়ায় স্ত্রী ও পুরুষের মধ্যে কেন পার্থক্য দেখা যায়, তা এখনও বিজ্ঞানীদের কাছে পুরোপুরি স্পষ্ট নয়। তাই গবেষণাটি গুরুত্বপূর্ণ।

মস্তিষ্কের কোন অংশ কাজ করে?

মস্তিষ্কের গভীরে রয়েছে হাইপোথ্যালামাস (hypothalamus)। শরীরের তাপমাত্রা, খিদে, তৃষ্ণা এবং শক্তির ভারসাম্য বজায় রাখার মতো গুরুত্বপূর্ণ কাজ এই অংশ নিয়ন্ত্রন করে। এরই একটি অঞ্চল হল lateral hypothalamic area বা LHA।

এই অঞ্চলে এক ধরনের স্নায়ুকোষ রয়েছে, যারা গ্লুটামেট (glutamate) নামের রাসায়নিক ব্যবহার করে অন্য স্নায়ুকোষে উত্তেজক সংকেত পাঠায়। গবেষণায় আলোচিত এই কোষগুলোর নাম LHAVglut2 নিউরন। প্রাণীর খাদ্যগ্রহণ ও শরীরের ওজন নিয়ন্ত্রণে এদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সাধারণভাবে, এই কোষগুলো সক্রিয় হলে খাবার খাওয়ার প্রবণতা কমতে পারে।

প্রশ্ন ছিল, অতিরিক্ত চর্বিযুক্ত খাবার খেলে এই কোষগুলোর কাজ কি বদলে যায়? আর সেই পরিবর্তন কি স্ত্রী ও পুরুষের ক্ষেত্রে একই রকম?

মাত্র 24 ঘণ্টাতেই দুই রকম পরিবর্তন

যখন তারা সাধারণ খাবার খেত (মানে অতি চর্বিযুক্ত নয়), তখনই স্ত্রী ইঁদুরের এই স্নায়ুকোষগুলো পুরুষ ইঁদুরের তুলনায় বেশি সক্রিয় ছিল। অর্থাৎ, সামান্য বৈদ্যুতিক উদ্দীপনাতেই স্ত্রী ইঁদুরের কোষগুলো সংকেত পাঠাতে শুরু করত।

এরপর গবেষকেরা ইঁদুরদের উচ্চ চর্বিযুক্ত খাবার (High-fat diet বা HFD) দেন। মাত্র এক দিন পরেই মস্তিষ্কের এই কোষগুলোতে পরিবর্তন ধরা পড়ে। কিন্তু পুরুষ ও স্ত্রী ইঁদুরে পরিবর্তন ঘটে আলাদা পথে।

পুরুষ ইঁদুরের ক্ষেত্রে এই স্নায়ুকোষগুলো নিজেরাই আগের তুলনায় সহজে সক্রিয় হয়ে উঠতে শুরু করে। অর্থাৎ, সামান্য বৈদ্যুতিক উদ্দীপনাতেই তারা সংকেত পাঠাতে পারে। তবে অন্য স্নায়ুকোষ থেকে তাদের সক্রিয় করার জন্য যে সংকেত আসে, তা দুর্বল হয়ে যায়।

স্ত্রী ইঁদুরের ক্ষেত্রে পরিবর্তনটা অন্য রকম। তাদের স্নায়ুকোষের নিজের সক্রিয় হওয়ার ক্ষমতায় কোনও পরিবর্তন দেখা যায়নি। তবে অন্য স্নায়ুকোষ থেকে আসা যে সংকেত এই কোষগুলোকে সক্রিয় হতে বাধা দেয়, সেটি দুর্বল হয়ে পড়ে। ফলে কোষগুলোর সক্রিয় হওয়ার ওপর বাধাও কমে যায়।

অর্থাৎ, বেশি চর্বিযুক্ত খাবার খাওয়ার পর পুরুষ ও স্ত্রী ইঁদুরের মস্তিষ্কে একই ধরনের স্নায়ুকোষের কার্যকলাপ বদলালেও, সেই পরিবর্তনের পদ্ধতি ছিল আলাদা।

দুই ক্ষেত্রেই মস্তিষ্কের খিদে নিয়ন্ত্রণকারী এই কোষগুলোর কার্যকলাপ বদলেছে, তবে বদলানোর পদ্ধতি আলাদা।

কীভাবে পরীক্ষা করলেন বিজ্ঞানীরা? গবেষণাটি করেছেন যুক্তরাষ্ট্রের Rutgers বিশ্ববিদ্যালয়ের স্নায়ুবিজ্ঞানী ই লু (Yi Lu) এবং মার্ক এ রসি (Mark A. Rossi)। গবেষণাপত্রটি 2026 সালের 2 নভেম্বর দ্য জার্নাল অফ নিউরোসায়েন্স (The Journal of Neuroscience) পত্রিকায় প্রকাশিত হয়েছে।

প্রথমে গবেষকেরা ইঁদুরের মস্তিষ্কের টিস্যু নিয়ে পরীক্ষাগারে কোষগুলোর বৈদ্যুতিক কার্যকলাপ মাপেন। এর জন্য ব্যবহার করেন whole-cell recording নামে একটি ইলেক্ট্রোফিজিওলজিক্যাল পদ্ধতি। এতে সূক্ষ্ম ইলেকট্রোডের সাহায্যে একটি স্নায়ুকোষের বৈদ্যুতিক বৈশিষ্ট্য এবং অন্য কোষ থেকে আসা সংকেত সরাসরি মাপা যায়।

এরপর বিজ্ঞানীরা জানতে চান, এই স্নায়ুকোষগুলোর সক্রিয়তা বাড়িয়ে দিলে শরীরের ওজনের ওপর কী প্রভাব পড়ে।

সেই পরীক্ষায় তাঁরা জিনগত কৌশলে LHAVglut2 স্নায়ুকোষে NaChBac নামের একটি বিশেষ সোডিয়াম চ্যানেল তৈরি করান। সাধারণত কোষের ঝিল্লিতে থাকা আয়ন চ্যানেলের মধ্য দিয়ে সোডিয়ামের মতো আধানযুক্ত কণা যাতায়াত করে। NaChBac এমন একটি চ্যানেল, যা কোষকে তুলনামূলকভাবে বেশি উত্তেজিত অবস্থায় রাখতে সাহায্য করে। ফলে এই চ্যানেল তৈরি হওয়া কোষগুলো দীর্ঘ সময় ধরে বেশি সক্রিয় থাকে।

এরপর ইঁদুরদের উচ্চ চর্বিযুক্ত খাবার দেওয়া হয়। দেখা যায়, এই স্নায়ুকোষগুলোর সক্রিয়তা কৃত্রিমভাবে বাড়িয়ে দিলে পুরুষ ইঁদুরের ওজন বৃদ্ধি কমে যায়। অন্যদিকে, স্ত্রী ইঁদুরের ক্ষেত্রে একই পরীক্ষায় ওজন উল্লেখযোগ্যভাবে কমে যায়। অর্থাৎ, একই ধরনের স্নায়ুকোষকে সক্রিয় করার পরও দুই দলের শারীরিক প্রতিক্রিয়া এক হয়নি।

কেন এই গবেষণা গুরুত্বপূর্ণ?

স্থূলতা বা ওবেসিটি নিয়ে গবেষণায় দীর্ঘদিন ধরে একটি সমস্যা ছিল। প্রাণীর ওপর করা অনেক গবেষণায় পুরুষ প্রাণীকেই বেশি ব্যবহার করা হয়েছে। ফলে স্ত্রী প্রাণীর মস্তিষ্ক ও বিপাকীয় ব্যবস্থায় একই খাবারের প্রভাব কী, তা তুলনামূলকভাবে কম জানা গেছে।

নতুন গবেষণাটি দেখাচ্ছে, অন্তত ইঁদুরের ক্ষেত্রে অতিরিক্ত চর্বিযুক্ত খাবারের প্রতিক্রিয়ায় মস্তিষ্কের খিদে নিয়ন্ত্রণকারী স্নায়ুসংযোগ পুরুষ ও স্ত্রী প্রাণীর মধ্যে আলাদাভাবে বদলে যায়। স্ত্রী ইঁদুরের এই স্নায়ুকোষগুলো সাধারণ অবস্থাতেই বেশি সক্রিয় এবং খাবারের পরিবর্তনের পর তাদের ওপর বাধাদানকারী সংকেতও দুর্বল হয়ে পড়ে। এই বৈশিষ্ট্যগুলো তাদের খাদ্যজনিত অতিরিক্ত ওজন বৃদ্ধির বিরুদ্ধে কিছুটা সুরক্ষা দিতে পারে বলে গবেষকদের ধারণা।

তবে এই ফলাফল থেকে বলা যাবে না যে নারীরা স্বাভাবিকভাবেই স্থূলতার ঝুঁকি থেকে সুরক্ষিত। গবেষণাটি ইঁদুরের ওপর করা হয়েছে। মানুষের মস্তিষ্কে একই প্রক্রিয়া কাজ করে কি না, তা জানতে আরও গবেষণা প্রয়োজন। মানুষের স্থূলতার পেছনে খাদ্যাভ্যাস, শারীরিক পরিশ্রম, জিনগত বৈশিষ্ট্য, হরমোন এবং পরিবেশসহ বহু বিষয় কাজ করে।

গবেষণার আসল তাৎপর্য হল, অতিরিক্ত খাবারের প্রভাব পড়তে শরীরের ওজন বেড়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হয় না। মস্তিষ্কের খাদ্যগ্রহণ নিয়ন্ত্রণকারী স্নায়ুসংযোগ মাত্র এক দিনের মধ্যেই নিজেদের কার্যকলাপ বদলাতে পারে। আর সেই অভিযোজনের পদ্ধতিও স্ত্রী ও পুরুষের ক্ষেত্রে এক নয়।

জেনে রাখা ভালো

  • এই গবেষণা শুধু ইঁদুরের ওপর হয়েছে, আর দেখা হয়েছে গোটা মস্তিষ্ক নয়, শুধু এক ধরনের স্নায়ুকোষ। তাই মানুষের ক্ষেত্রেও একই কথা খাটে কিনা, এখনো জানা নেই।
  • পরীক্ষা হয়েছে বেশি চর্বির খাবার দিয়ে, 'জাঙ্ক ফুড' নিয়ে আলাদা কোনো পরীক্ষা হয়নি। তাই চিনি আর লবণে ভরা ভাজাভুজিতেও একই ফল হবে, এমন ধরে নেওয়া যায় না।
  • জিনের কৌশলে কোষগুলোকে বেশি সক্রিয় করার পরেই ওজন কমেছে, ইঁদুরের নিজে থেকে ওজন কমেনি। এই কোষগুলো স্ত্রী ইঁদুরকে মোটা হওয়া থেকে বাঁচায় কিনা, বিজ্ঞানীরা সেটা এখনো ধারণা হিসেবেই বলছেন, প্রমাণ হয়নি।

সূত্র

শেয়ার করুন