মহাবিশ্বের কতটা আমরা দেখতে পাই? আধুনিক পদার্থবিজ্ঞান অনুযায়ী, নক্ষত্র, গ্রহ, গ্যাস, ধুলো এবং আমাদের পরিচিত সমস্ত পদার্থ মিলে মহাবিশ্বের মোট শক্তি ও পদার্থের মাত্র প্রায় 5 শতাংশ। বাকি অংশের অধিকাংশই ডার্ক ম্যাটার ও ডার্ক এনার্জি নামে পরিচিত দুটি রহস্যময় উপাদান। এদের প্রকৃতি এখনও বিজ্ঞানীদের কাছে স্পষ্ট নয়। এই রহস্যের সমাধান খুঁজতেই ইউরোপীয় মহাকাশ সংস্থা ESA-র Euclid মহাকাশ দূরবীক্ষণ যন্ত্র এবার এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ করল। 12 নভেম্বর প্রকাশ করল এই অভিযানের প্রথম বৃহৎ বৈজ্ঞানিক তথ্যভান্ডার। তাতে রয়েছে 90 কোটিরও বেশি ছায়াপথের তথ্য।
2023 সালের 1 জুলাই মহাকাশে পাঠানো হয়েছিল Euclid-কে। এর উদ্দেশ্য ছিল মহাবিশ্বের অন্তত এক-তৃতীয়াংশ অঞ্চলের বিস্তারিত পর্যবেক্ষণ করে একটি বিশাল ত্রিমাত্রিক মানচিত্র তৈরি করা। ছ'বছর ধরে চলার কথা এই অভিযান। এই মানচিত্রে শুধু ছায়াপথের অবস্থানই নয়, সময়ের সঙ্গে সঙ্গে তাদের কীভাবে পরিবর্তন হয়েছে, তারও হদিস মিলবে। কারণ, মহাকাশের অনেক দূরের বস্তু থেকে আমাদের কাছে আলো পৌঁছতে কোটি কোটি বছর সময় লাগে। ফলে দূরের ছায়াপথ পর্যবেক্ষণ করা মানে আসলে মহাবিশ্বের অতীতকে দেখা।
এবারের প্রকাশিত তথ্যভান্ডার তৈরি হয়েছে প্রায় 13 মাসের পর্যবেক্ষণ থেকে। এতে মোট প্রায় 17 লক্ষ গিগাবাইট তথ্য রয়েছে। আকাশের প্রায় 1,900 বর্গ ডিগ্রি অঞ্চল পর্যবেক্ষণ করা হয়েছে। এই তথ্যভান্ডারে 90 কোটির বেশি ছায়াপথ ছাড়াও রয়েছে প্রায় 6 কোটি সম্ভাব্য কোয়াসার এবং 15 হাজারের মতো সম্ভাব্য শক্তিশালী মহাকর্ষীয় লেন্সের সন্ধান। তবে মনে রাখতে হবে, এগুলি সবই এখনও চূড়ান্তভাবে শনাক্ত ও শ্রেণিবদ্ধ হয়ে যায়নি।
এখানে মহাকর্ষীয় লেন্সিং বিষয়টি বিশেষ গুরুত্বপূর্ণ। আইনস্টাইনের সাধারণ আপেক্ষিকতাবাদ অনুযায়ী, ভর থাকলে স্থান-কালের বক্রতা তৈরি হয়। ফলে কোনও বিশাল ছায়াপথ বা ছায়াপথপুঞ্জের পাশ দিয়ে আসা দূরের কোনও বস্তুর আলো বেঁকে যেতে পারে। কখনও সেই আলো বেঁকে এমনভাবে পৃথিবীতে পৌঁছয় যে দূরের ছায়াপথটির ছবি বড় হয়ে যায়, বিকৃত হয় কিংবা একাধিক প্রতিচ্ছবি তৈরি হয়। এই ঘটনাকেই বলে মহাকর্ষীয় লেন্সিং। এর সাহায্যে সামনের ছায়াপথটির মোট ভর, এমনকি তার মধ্যে থাকা অদৃশ্য ডার্ক ম্যাটারের পরিমাণ সম্পর্কেও ধারণা পাওয়া সম্ভব। Euclid-এর এবারের তথ্যভান্ডারে পাওয়া প্রায় 15 হাজার সম্ভাব্য শক্তিশালী মহাকর্ষীয় লেন্স এই গবেষণার ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ। ESA-র দাবি, এটিই এখনও পর্যন্ত প্রকাশিত সবচেয়ে বড় শক্তিশালী মহাকর্ষীয় লেন্সের তালিকা।
Euclid কীভাবে এই বিশাল মানচিত্র তৈরি করবে?
এর জন্য দূরবীক্ষণ যন্ত্রটিতে রয়েছে দৃশ্যমান আলো এবং অবলোহিত আলো (infrared) শনাক্ত করার ব্যবস্থা। দূরের ছায়াপথের আলোকের বর্ণালি (spectrum) বিশ্লেষণ করে বিজ্ঞানীরা আলোর redshift মাপতে পারবেন। মহাবিশ্ব প্রসারিত হওয়ার কারণে দূরের ছায়াপথ থেকে আসা আলোর তরঙ্গদৈর্ঘ্য বেড়ে যায়। এই পরিবর্তন থেকে ছায়াপথটির দূরত্ব এবং মহাবিশ্বের প্রসারণের ইতিহাস সম্পর্কে ধারণা পাওয়া যায়। এভাবে কোটি কোটি ছায়াপথের অবস্থান নির্ণয় করে তৈরি হবে মহাবিশ্বের ত্রিমাত্রিক মানচিত্র। সেখানে ছায়াপথগুলি কীভাবে বিশাল জালিকার মতো কাঠামো তৈরি করেছে, সেটিও বোঝা যাবে। জ্যোতির্বিজ্ঞানে এই বিশাল কাঠামোকে বলা হয় Cosmic Web।
এই মানচিত্র তৈরির অন্যতম প্রধান লক্ষ্য ডার্ক ম্যাটার ও ডার্ক এনার্জির রহস্য উন্মোচন। ডার্ক ম্যাটার সরাসরি আলো বিকিরণ বা প্রতিফলন করে না। কিন্তু তার মহাকর্ষীয় প্রভাবের কারণে ছায়াপথের ঘূর্ণন এবং মহাকর্ষীয় লেন্সিংয়ের মতো ঘটনা ঘটে। অন্যদিকে ডার্ক এনার্জিকে মহাবিশ্বের প্রসারণ ক্রমশ দ্রুত হওয়ার সম্ভাব্য কারণ হিসেবে বিবেচনা করা হয়। 1998 সালে দূরবর্তী সুপারনোভার পর্যবেক্ষণ থেকে বিজ্ঞানীরা প্রথম জানতে পারেন যে মহাবিশ্বের প্রসারণের গতি কমছে না, বরং বাড়ছে। সেই আবিষ্কারের পর থেকেই ডার্ক এনার্জি আধুনিক মহাকাশবিজ্ঞানের অন্যতম বড় রহস্য হয়ে উঠেছে।
তবে এবারের তথ্য প্রকাশের অর্থ এই নয় যে বিজ্ঞানীরা ইতিমধ্যেই ডার্ক ম্যাটার বা ডার্ক এনার্জির রহস্য সমাধান করে ফেলেছেন। বরং এত বিপুল সংখ্যক ছায়াপথ, মহাকর্ষীয় লেন্স এবং কোয়াসারের তথ্য একসঙ্গে বিশ্লেষণ করার সুযোগ তৈরি হয়েছে। বিশেষ করে মহাকর্ষীয় লেন্সিংয়ের মাধ্যমে ছায়াপথের দৃশ্যমান পদার্থের পাশাপাশি অদৃশ্য ভরের বণ্টনও পরীক্ষা করা যাবে। অন্যদিকে বিভিন্ন সময়ে মহাবিশ্বের প্রসারণের হার তুলনা করে ডার্ক এনার্জির প্রকৃতি সম্পর্কে আরও নির্ভুল ধারণা পাওয়া সম্ভব হতে পারে।
এখনও পর্যন্ত Euclid তার পরিকল্পিত পর্যবেক্ষণ এলাকার মাত্র প্রায় 14 শতাংশের তথ্য প্রকাশ করেছে। 2027 সালের মাঝামাঝি সময়ে আরও বিস্তৃত তথ্য প্রকাশের পরিকল্পনা রয়েছে। তাতে Weak Gravitational Lensing এবং ছায়াপথগুলির বৃহৎ পরিসরের বণ্টন সম্পর্কিত বিশ্লেষণও যুক্ত হবে। এই তথ্যভাণ্ডার মহাবিশ্বের সবচেয়ে বড় অমীমাংসিত প্রশ্নগুলির উত্তর খোঁজার একটি নতুন অধ্যায়ের সূচনা।
