গণিত

ইয়াং-মিলস সমস্যার প্রথম অংশ AI দিয়ে প্রমাণের দাবি OpenAI-এর, প্রমাণ এখনও অপ্রকাশিত

লার্জ হ্যাড্রন কোলাইডারে (LHC) বিজ্ঞানীরা প্রোটনকে প্রোটনের সঙ্গে প্রচণ্ড বেগে ধাক্কা লাগান। সেই সংঘর্ষে কী কী কণা তৈরি হতে পারে, তাদের মধ্যে কী ধরনের রিয়াকশন ঘটবে, কিংবা কতটা সম্ভাবনায় কোন ঘটনা ঘটবে, এসব আগেই গাণিতিকভাবে হিসাব করা যায়। আশ্চর্যের বিষয়, এই হিসাবের সঙ্গে পরীক্ষার ফলাফলও বেশ ভালোভাবে মিলে যায়।

কিন্তু এখানেই বিজ্ঞানের একটি অদ্ভুত সমস্যা রয়েছে। যে গাণিতিক তত্ত্ব ব্যবহার করে বিজ্ঞানীরা এই হিসাব করছেন, তার মৌলিক ভিত্তি এখনও সম্পূর্ণভাবে প্রমাণিত নয়। পদার্থবিদেরা তত্ত্বটি ব্যবহার করতে পারেন, তার সাহায্যে অসংখ্য পরীক্ষার ফলাফল ব্যাখ্যাও করতে পারেন। কিন্তু গণিতবিদেরা এখনও দেখাতে পারেননি যে, তত্ত্বটি চার মাত্রার স্থান-কালে (space time) সত্যিই একটি সুসংগত কোয়ান্টাম তত্ত্ব হিসেবে গড়ে তোলা সম্ভব।

এই সমস্যার নাম ইয়াং–মিলস অস্তিত্ব ও ভর-ফাঁক সমস্যা (Yang–Mills Existence and Mass Gap Problem)। গণিতের অন্যতম কঠিন সাতটি অমীমাংসিত সমস্যার তালিকা, ক্লে ম্যাথমেটিক্স ইনস্টিটিউটের (Clay Mathematics Institute) মিলেনিয়াম প্রাইজ প্রবলেমসের অন্তর্ভুক্ত এটি। সমস্যাটির সম্পূর্ণ সমাধানের জন্য পুরস্কার ঘোষিত রয়েছে 10 লক্ষ মার্কিন ডলার।

2026 সালের 26 অক্টোবর OpenAI জানিয়েছে, তাদের নিজস্ব একটি এআই মডেল সমস্যাটির একটি গুরুত্বপূর্ণ অংশের গাণিতিক প্রমাণ তৈরি করেছে। তবে পুরো সমস্যার সমাধান নয়। আর সেই পার্থক্যটি বোঝার জন্য আগে বুঝতে হবে, ইয়াং–মিলস সমস্যাটি আসলে কী।

পুরোনো গনিতের পাহাড়, নতুন AI সহকারী

এই সমস্যার অস্তিত্ব অংশ (existence) সমাধানের চেষ্টা কয়েক দশক ধরেই চলছে। বিশেষ করে 1980-এর দশকে গণিতবিদ তাদেউশ বালাবান (Tadeusz Bałaban) একটি গুরুত্বপূর্ণ গাণিতিক পদ্ধতি তৈরি করেছিলেন। তাঁর কাজের মূল লক্ষ্য ছিল ধাপে ধাপে কোয়ান্টাম ক্ষেত্র তত্ত্বকে গাণিতিকভাবে নির্মাণ করা। এই পদ্ধতিতে Renormalization Group নামে একটি কৌশল ব্যবহার করা হয়, যার সাহায্যে বিভিন্ন দৈর্ঘ্য ও শক্তির স্কেলে তত্ত্বের আচরণ বিশ্লেষণ করা যায়।

কিন্তু বালাবানের কাজ অত্যন্ত জটিল এবং বিস্তৃত। তাঁর পদ্ধতিকে সম্পূর্ণ করতে বিপুল পরিমাণ গাণিতিক হিসাব, অনুমান এবং প্রমাণের প্রতিটি ধাপ নিখুঁতভাবে সাজানো প্রয়োজন। কাজটি যে অসম্ভব, তা নয় – কিন্তু একজন গবেষকের পক্ষে হাজার হাজার পাতার এমন গাণিতিক কাজ সম্পন্ন করা অত্যন্ত সময়সাপেক্ষ।

এই জায়গাতেই কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাবনা দেখতে পান নর্থওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের গণিতবিদ ইথান সাসম্যান (Ethan Sussman)। তাঁর মতে, সমস্যাটির প্রধান বাধা নতুন কোনো গাণিতিক ধারণার অভাব নয়, বরং সেই ধারণাগুলোকে সম্পূর্ণ প্রমাণে রূপান্তর করার বিপুল পরিমাণ শ্রম।

তিনি Anthropic-এর গবেষক ও গণিতবিদ লেভেন্ট আলপোগে (Levent Alpöge)-র সঙ্গে যোগাযোগ করেন। আলপোগে Claude মডেলের একাধিক এজেন্টকে একসঙ্গে কাজে লাগিয়ে বালাবানের পদ্ধতি এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন।

এজেন্ট বলতে এখানে এআই মডেলের একাধিক স্বতন্ত্র কাজের প্রক্রিয়াকে বোঝানো হচ্ছে। একেকটি এজেন্ট গাণিতিক সমস্যার আলাদা অংশ নিয়ে কাজ করতে পারে। তাদের তৈরি করা ফলাফল অন্য এজেন্ট দিয়ে পরীক্ষা করানো যায়, ভুল খুঁজে বের করা যায় এবং সবশেষে বিভিন্ন অংশ একত্রিত করা যায়।

সাসম্যান ও আলপোগে এই পদ্ধতিতে বিপুল পরিমাণ গাণিতিক লেখা তৈরি ও যাচাই করতে থাকেন। 6 অক্টোবর 2026-এ তাঁরা নিজেদের কাজের অগ্রগতি GitHub-এ প্রকাশ করেন। তাঁদের কাজ তখনও সম্পূর্ণ যাচাই করা হয়নি। তবে তাঁরা মনে করছিলেন, তিন মাত্রার ইয়াং–মিলস অস্তিত্ব সমস্যার একটি সমাধানের কাছাকাছি পৌঁছে গেছেন। উল্লেখ্য, ক্লে ইনস্টিটিউটের সমস্যাটির জন্য চার মাত্রায় প্রমাণ প্রয়োজন।

OpenAI-এর দাবি: এক ধাপ এগিয়ে চার মাত্রায় প্রমাণ

এর মধ্যেই OpenAI জানায়, তাদের নিজস্ব একটি অভ্যন্তরীণ এআই মডেল ইয়াং–মিলস সমস্যার চার মাত্রার অস্তিত্ব অংশের প্রমাণ তৈরি করেছে।

OpenAI-এর প্রকাশিত বিবরণ অনুযায়ী, মডেলটি 9 সেপ্টেম্বর 2026-এ প্রমাণটি তৈরি করেছিল। এরপর সেই প্রমাণকে Lean নামের একটি বিশেষ প্রোগ্রামিং ভাষায় রূপান্তর করা হয়। 16 অক্টোবর এই আনুষ্ঠানিকীকরণের কাজ সম্পন্ন হয়।

Lean সাধারণ কোনো প্রোগ্রামিং ভাষা নয়। এটি মূলত গাণিতিক প্রমাণ যাচাই করার জন্য তৈরি একটি ব্যবস্থা। একজন গণিতবিদ এতে কোনো উপপাদ্য এবং তার প্রমাণের প্রতিটি ধাপ লিখে দিলে কম্পিউটার পরীক্ষা করতে পারে, যুক্তির ধাপগুলো নির্দিষ্ট গাণিতিক নিয়ম মেনে চলছে কি না।

একে অনেকটা একটি অত্যন্ত কঠোর গণিত পরীক্ষকের সঙ্গে তুলনা করা যায়। মানুষ কোনো প্রমাণ পড়তে গিয়ে একটি ছোট ভুল এড়িয়ে যেতে পারেন। কিন্তু Lean-এ আনুষ্ঠানিকভাবে লেখা প্রমাণের ক্ষেত্রে প্রতিটি ধাপকে নির্দিষ্ট নিয়ম মেনে যেতে হয়।

তবে এখানে একটি গুরুত্বপূর্ণ সতর্কতা রয়েছে। Lean কোনো প্রমাণের আনুষ্ঠানিক রূপটি সঠিক কি না, তা যাচাই করে। কিন্তু যে গাণিতিক বক্তব্যটি Lean-এ প্রমাণ করা হয়েছে, সেটি বাস্তব ইয়াং–মিলস সমস্যার সঙ্গে পুরোপুরি মেলে কি না, তা আলাদা করে বিশেষজ্ঞদের পরীক্ষা করতে হয়।

OpenAI জানিয়েছে, তারা প্রমাণটি প্রকাশ্যে না দিয়ে বিশেষজ্ঞ গণিতবিদ ও পদার্থবিদদের একটি দলের হাতে তুলে দিয়েছে। এই দলের নেতৃত্বে রয়েছেন নোবেলজয়ী পদার্থবিদ ডেভিড গ্রস (David Gross)। দলের অন্য সদস্যদের মধ্যে রয়েছেন মাইকেল ডগলাস, আর্থার জাফে, ইগর ক্লেবানভ এবং নিকিতা নেক্রাসভ।

তাঁরা প্রমাণটি নিজেরা পর্যালোচনা করে গবেষণা-সাহিত্যে উপস্থাপন করার সিদ্ধান্ত নিয়েছেন। ফলে আপাতত সাধারণ গবেষকদের পক্ষে OpenAI-এর দাবি করা প্রমাণটি সরাসরি পরীক্ষা করার কোনও উপায় নেই।

জেনে রাখা ভালো

  • এটা আপাতত OpenAI-এর দাবি, প্রতিষ্ঠিত ফল নয়।
  • 1 মিলিয়ন ডলারের Clay পুরস্কার পেতে হলে ‘অস্তিত্ব’ আর ‘ভর-ফাঁক’ (mass gap) দুটোই প্রমাণ করতে হয়। OpenAI দাবি করছে শুধু প্রথমটা, আর জানিয়েছে তারা এই পুরস্কার চাইবে না।
  • শোনা যাচ্ছে, লিনে (Lean) যাচাই হয়েছে শুধু বিশুদ্ধ ইয়াং-মিলস অংশ, পুরো কোয়ান্টাম ক্রোমোডাইনামিক্স নয়।

সূত্র

শেয়ার করুন